কক্সবাজার-৩ আসনের রামু উপজেলায় ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার ও ভোট ডাকাতির চেষ্টার অভিযোগে এক বিএনপি নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। তার নাম- সৈয়দ আলম। তিনি উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গর্জনিয়া ফয়জুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পরে তাকে রামু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, বিএনপি নেতাকে সন্দেহজনক কারণে আটক করলেও ‘উপর মহলের নির্দেশে’ তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, সৈয়দ আলম কেন্দ্রটিতে ভোটারদের প্রভাবিত করে ভোট ডাকাতির চেষ্টা করছিলেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট নেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করছিলেন। এই কারণে সেনাবাহিনী তাকে আটক করে।
এদিন সকাল সাড়ে ৭টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।


