দুর্নীতির কার্যকর ও দৃশ্যমান প্রতিরোধ ছাড়া সরকারের কোনো অঙ্গীকার বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সংস্থাটি জানায়, বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামত রূপরেখা, নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের আলোকে সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি কার্যকর করতে একটি সমন্বিত কৌশল ও পথরেখা প্রণয়ন করা প্রয়োজন। এ ছাড়া, বাস্তবায়নযোগ্য সব কর্মপরিকল্পনায় এটি মূলধারার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা জরুরি।
বৃহস্পতিবার টিআইবির ধানমন্ডিস্থ কার্যালয়ে আয়োজিত ‘সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৌশলগত প্রাধান্য: টিআইবির সুপারিশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংস্থাটি আরও সতর্ক করেছে, সরকারের সাফল্যের পরিপন্থী কোনো শক্তি ক্রমান্বয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠতে না পারে সেজন্য সুচিন্তিত কৌশল গ্রহণ করা এবং সব পর্যায়ের জনপ্রতিনিধিদের জন্য আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে ব্যবস্থা গ্রহণ অপরিহার্য।


