সুপ্রিম কোর্ট সচিবালয় মন্ত্রণালয়ে স্থানান্তরের পদক্ষেপ নেওয়ায় আদালত অবমাননার অভিযোগ এনে আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।
মঙ্গলবার পাঠানো নোটিশে বলা হয়, হাইকোর্ট রায়ের তারিখ হতে তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছে। এ রায়ের বিরুদ্ধে সরকার কোনো আপিল করেনি। সংবিধান অনুযায়ী এ রায়ের নির্দেশনা মান্য করা সরকারের জন্য বাধ্যতামূলক।
নোটিশে আরও বলা হয়, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করেন। এরপর ওই বছরের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করা হয়। সচিবালয়ের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হয় এবং সচিবালয় পুরোদমে কাজ শুরু করে।
গত ১০ এপ্রিল সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ আইন, ২০২৬ জাতীয় সংসদে পাস করার কথা উল্লেখ করে নোটিশে বলা হয়, পরবর্তীতে আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্ট সচিবালয়ের অবকাঠামো ও কার্যধারা-সম্পর্কিত নথিপত্র স্থানান্তরের পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের দুই সচিব আদালতের রায়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছেন।
এ প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট সচিবালয়ের অবকাঠামো ও কার্যধারা-সম্পর্কিত নথিপত্র স্থানান্তরের যেকোন ধরণের কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানান শিশির মনির। অন্যথায় তিনি হাইকোর্টে আদালত অবমাননার মামলা করা হবে বলে জানান তিনি।


