সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাব-পোস্ট অফিসের পাশাপাশি এখন থেকে নৈশকালীন ডাকঘর বা দ্বিতীয় শিফটে ডাকসেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে ডাক অধিদপ্তর।
ঢাকার মেট্রোপলিটন পোস্টমাস্টার জেনারেলের কাছে পাঠানো এ সংক্রান্ত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। এই উদ্যোগের ফলে বিচারপ্রার্থী ও আইনজীবীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হতে যাচ্ছে।
ডাক অধিদপ্তরের পরিচালক মো. আমিনুর রহমান স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, জনসাধারণের ডাক সেবা গ্রহণের সুবিধার্থে, সরকারি কাজের স্বার্থে হাইকোর্ট উপ-ডাকঘরের গ্রাহকদের চাহিদার পরিপ্রেক্ষিতে এই নৈশ ডাকঘর স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।
চিঠিতে দ্বিতীয় শিফট চালু করার পর পরবর্তী তিন মাসের ‘ভ্যালু রিটার্ন’ সম্বলিত প্রতিবেদন ডাক অধিদপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট-অন-রেকর্ড এস এম আরিফ মন্ডল ডাক অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি আবেদন জমা দেন। তিনি উল্লেখ করেন, উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ আদেশ ও আইনজীবীদের জরুরি চিঠিপত্র দ্রুত আদান-প্রদানের জন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একটি সান্ধ্যকালীন বা ‘বি-গ্রেড’ ডাকসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।


