চট্টগ্রাম থেকে চলতি হজ মৌসুমের প্রথম ফ্লাইটে ৩৭১ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। এ ছাড়াও এই ফ্লাইটে ঢাকা থেকে ৪১ জন হজযাত্রী এবং দুইজন নন হজযাত্রী রয়েছেন।
রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৫ ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
বিশেষ এই হজ ফ্লাইটের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর এবং সভাপতিত্ব করেন বিমানের জেলা ব্যবস্থাপক আল মামুন ফারুক।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি বছর চট্টগ্রাম থেকে প্রায় সাড়ে ছয় হাজার হজযাত্রী নিবন্ধন করেছেন। তাদের পরিবহনে ১৯ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত মোট ১৬টি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে ১২টি ফ্লাইট সরাসরি জেদ্দা এবং চারটি ফ্লাইট মদিনায় যাবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নির্ধারিত সূচি অনুযায়ী, ২২ এপ্রিল বিকাল ৫টা ১৫ মিনিটে, ২৪ এপ্রিল দুপুর ১টা ২০ মিনিটে, ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা ২০ মিনিটে, ১ মে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে, ২ মে বিকাল ৫টা ১৫ মিনিটে, ৫ মে দুপুর ১টা ২০ মিনিটে, ৮ মে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে, ১০ মে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে, ১২ মে সন্ধ্যা ৭টায়, ১৩ মে বিকাল ৫টা ৪৫ মিনিটে, ১৪ মে সন্ধ্যা ৭টায়, ১৫ মে সন্ধ্যা ৭টায়, ১৭ মে সন্ধ্যা ৭টায় এবং ২০ মে বিকাল ২টায় পরবর্তী ফ্লাইটগুলো চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে।


