সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনবিভাগের অভিযানে ৪১টি হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির আওতাধীন ব্যারাকখাল এলাকা থেকে ফাঁদগুলো জব্দ করা হয়। তবে, এ সময় কোন চোরা শিকারিকে আটক করতে সক্ষম হননি বনবিভাগের সদস্যরা।
বন বিভাগ জানিয়েছে, সুন্দবন সাতক্ষীরা রেঞ্জের ব্যারাকখাল এলাকায় কয়েকজন চোরা শিকারি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৪১টি হরিণ শিকারের ‘মালা ফাঁদ’ জব্দ করা হয়। তবে, বনবিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মশিউর রহমান জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত টহল অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা ফাঁদগুলো ধ্বংস করা হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। বন বিভাগের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সুন্দরবন শুধু দেশের প্রাকৃতিক সম্পদ নয়, এটি বিশ্ব ঐতিহ্যের অংশ। তাই এখানে বসবাসকারী বন্যপ্রাণী, বিশেষ করে হরিণের মতো গুরুত্বপূর্ণ প্রজাতি রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।


