সুন্দরবনে অভিযান চালিয়ে ‘কুখ্যাত ডাকাত’ করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য ওসমান গণিকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।
আটক ওসমান গণি (৩৮) সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং দলটিকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।
জব্দ করা আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।


