সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বড় জাহাঙ্গীর বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোস্ট গার্ড সদস্যরা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগে কিছু অসাধু চক্র সুন্দরবনে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ড ইতোমধ্যে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে দিকে কোস্ট গার্ড বেইস মোংলা, আউটপোস্ট নলিয়ান, স্টেশন কয়রা এবং পুলিশের সমন্বয়ে কয়রা থানার নারায়ণপুর এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আফজাল সরদার (৩২) আটক হন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সকালে দিকে মোংলা থানার পাশাখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালিয়ে একটি শটগান, একটি একনলা বন্দুক, ২১ রাউন্ড তাজা কার্তুজ ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, নির্বাচন পরবর্তী সময়ে সুন্দরবনে যৌথ অভিযান শুরু হলে আতঙ্কিত হয়ে আফজাল সরদার উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পুঁতে রেখে কয়রার নারায়ণপুর এলাকায় আত্মগোপন করেন।
আটক আফজাল সরদার খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বড় জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি এবং অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহে সহযোগিতা করে আসছিলেন বলে জানানো হয়েছে। তার বিরুদ্ধে কয়রা ও ডুমুরিয়া থানায় মোট পাঁচটি মামলা রয়েছে।
আটক ব্যক্তি ও জব্দ করা অস্ত্র-গোলাবারুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে কোস্ট গার্ড জানিয়েছে।


