নির্বাচন কমিশন ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কৌশল খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন এবং নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আপনাদের আমি সতর্ক করে দিতে চাই। একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়ার জন্য বিভিন্ন কৌশল খুঁজছে। তবে, আমরা তাদের সেই সুযোগ দিতে চাই না। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো রকম সুযোগ আমরা দেব না এবং কোনো ধরনের ষড়যন্ত্রের অংশও হতে দেব না।’
তারেক রহমানের উত্তরবঙ্গ সফর নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে আমরা শান্তির জন্য আমাদের কর্মসূচি স্থগিত করেছি। কিন্তু কিছু রাজনৈতিক দল এবং ইসি আমাদের এই পদক্ষেপকে দুর্বলতা হিসেবে দেখছে।
‘এটা আমাদের ভদ্রতা। তাদের উদ্দেশ্য হলো নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা ও নির্বাচন থেকে সরে যাওয়ার চেষ্টা করা। তারা বিভিন্ন কৌশলে নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ খুঁজছে, কিন্তু আমরা তাদের সেই সুযোগ দেব না,’ যোগ করেন তিনি।


