সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে অন্তর্বর্তী সরকারের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, ‘শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার দায়িত্ব পালনের সময় বাংলাদেশের ছয়জন শান্তিরক্ষীর মারা গেছেন এবং আরও আটজনের আহত হওয়ার খবরে আমি গভীরভাবে মর্মাহত।’
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত উল্লেখ করে তিনি বলেন, ‘এই আত্মত্যাগ একদিকে জাতির গৌরব, অন্যদিকে বেদনার কারণ।’
প্রধান উপদেষ্টা নিহত শান্তিরক্ষীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করেন।
বিবৃতিতে তিনি জানান, আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে জাতিসংঘের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এই কঠিন সময়ে সরকার শান্তিরক্ষীদের পরিবারগুলোর পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
প্রধান উপদেষ্টা এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ।’
তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তিরক্ষীদের নিরাপত্তা আরও জোরদার করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ ছাড়া নিহত শান্তিরক্ষীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।


