চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়কে কেন্দ্র করে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে অবরোধের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সড়ক ও জনপদ বিভাগের (সওজ) এক কর্মকর্তা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুইজন বিএনপির কর্মী।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ঋণখেলাপি সংক্রান্ত মামলায় আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার দুপুর ১২টার পর সীতাকুণ্ড এলাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী বিক্ষোভে ফেটে পড়েন। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মহাসড়কের পাশের সরকারি গাছ কেটে রাস্তায় ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এর ফলে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গাছগুলো সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি গাছ কাটায় মামলা করা হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও দেখে ঘটনায় জড়িত অন্য অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।


