১৭ জুলাই মুক্তি পাচ্ছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। প্রথম পোস্টারের পর এবার প্রকাশিত হলো সিনেমাটির প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলিরে…’।
পল্লীকবি জসীম উদ্দীনের কালজয়ী রচনার আবহে নির্মিত গানটিতে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। সংগীতায়োজন করেছেন লাবিক কামাল গৌরব। নির্মাতার ভাষ্য, এটি শুধু প্রচারণার গান নয়; বরং চলচ্চিত্রের আবহ, চরিত্রগুলোর অন্তর্জগৎ এবং নদীকেন্দ্রিক জীবনের অনুভূতি দর্শকের কাছে পৌঁছে দেওয়ার একটি শিল্পভাষা।
গানটি নিয়ে ফজলুর রহমান বাবু বলেন, “আমি মোটেও গায়ক নই। থিয়েটারে অভিনয়ের জন্য কণ্ঠ প্রস্তুত করতে গিয়েই গান গাওয়া শুরু। ‘মনপুরা’য় গান গাওয়ার পর দর্শকের ভালোবাসা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। ‘মাস্তুল’-এর এই গানটি আমার নিজের জেলা ফরিদপুরের পল্লীকবি জসীম উদ্দীনের কালজয়ী রচনা। চলচ্চিত্রটির আবহের সঙ্গেও এটি দারুণ মানানসই। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, বাকিটা শ্রোতারাই বিচার করবেন।”
পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান বলেন, ‘মাস্তুল’-এর প্রচারণার প্রতিটি উপাদানেই চলচ্চিত্রটির আত্মাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পোস্টারের পর গান প্রকাশের উদ্দেশ্যও দর্শকদের সিনেমার আবহের আরও কাছে নিয়ে যাওয়া।
একটি জ্বালানিবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ রাঁধুনি মকবুল ও বন্দর এলাকার পথশিশু নূরাকে ঘিরে নির্মিত ‘মাস্তুল’। তাদের সম্পর্কের মধ্য দিয়ে উঠে এসেছে নদী ও বন্দরের প্রান্তিক মানুষের জীবন, একাকীত্ব, স্নেহ, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার গল্প।
আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত ‘মাস্তুল’ ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল মেনশন’ এবং রাশিয়ার ১৮তম চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ পুরস্কার অর্জন করেছে।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, শাহজাহান শোভন ও সিফাত বন্যা। সিনেমাটোগ্রাফি করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান, শিল্প নির্দেশনায় হুসনাইন লিঙ্কন, সংগীতে চৈতন্য রাজবংশী এবং কাস্টিং ডিরেক্টর যুবরাজ শামীম। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সিনেমাকার। ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রচারণায় রয়েছে টঙঘর টকিজ।


