পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ ইনিংসে স্লিপে সালমান আগার ক্যাচ ধরতে গিয়ে বুকে বল লাগে সাদমান ইসলামের। সেই চোটই তাকে ছিটকে দিয়েছে শনিবার সিলেটে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট থেকে। তার বদলি হিসেবে দলে নেয়া হয়েছেন বাঁহাতি ওপেনার জাকির হাসানকে। যদিও বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণার আগেই দলের সাথে সিলেট আউটার গ্রাউন্ডে দলের অনুশীলনে যোগ দেন তিনি।
সাদমানের চোট নিয়ে বিসিবির বিবৃতিতে ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘মিরপুর প্রথম টেস্টে ক্যাচ ধরতে গিয়ে বুকে ব্যথা পান সাদমান। এরপর ট্রমাটিক চেস্ট কন্ডিশনের জন্য বুকে ব্যথা অনুভব করেন। দুর্ভাগ্যবশত দ্বিতীয় টেস্টের দলে তার থাকা হচ্ছে না।’
অভিষেক টেস্টে সেঞ্চুরি করা জাকির গেল দুই সিরিজ থেকেই দলের বাইরে। সিলেটে দলের সাথে যোগ দেয়ার আগে ঢাকা লেওপার্ডসের হয়ে খেলছিলেন চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। সিটি ক্লাবের বিপক্ষে ১৩৭ রানের ইনিংসে মৌসুমের শুরুটাও করেছেন দারুণ। যদিও জাতীয় দলের হয়ে সর্বশেষে ২০২৪ সালের নভেম্বরে খেলেছেন টেস্ট ম্যাচ।
১৩ টেস্টে এক সেঞ্চুরি ও চার ফিফটিতে ২৩.৭২ গড়ে ৫৯৩ রান করেছেন জাকির।


