সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের দুই দিনব্যাপী নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দ্বিতীয় দিনের ভোটগ্রহণ সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়। এর আগে বুধবার একইভাবে ভোটগ্রহণ চলে। প্রথম দিন ১ হাজার ৭৭১ এবং দ্বিতীয় দিন ২ হাজার ২৭৭ জন ভোটার ভোট দিয়েছেন। দুদিনে মোট ভোট পড়েছে ৪ হাজার ৪৮।
নির্বাচনে ১৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪১ জন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৯৭ জন আইনজীবী।
ভোটের মাঠে ছিল তিনটি প্যানেল। সেগুলো হলো বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল এবং এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেল। তবে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ থাকায় সমিতির বিশেষ সাধারণ সভার সিদ্ধান্তে আওয়ামী লীগের সমর্থকরা নির্বাচনে অংশ নিতে পারছেন না। আওয়ামী লীগ সমর্থকরা মনোনয়নপত্র জমা দিলেও বাছাইয়ে সেটি বাতিল হয়।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল তথা নীল প্যানেলের সভাপতি প্রার্থী এএম মাহবুব উদ্দিন খোকন, সহসভাপতি মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক পদে মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান, সহসম্পাদক পদে মাকসুদ উল্ল্যাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাতটি সদস্য পদে একেএম আমজাদ হোসেন, এইচএম সানজিদ সিদ্দিকী, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়া ও ওয়াহিদা আফরোজ চৌধুরী প্রার্থী হয়েছেন।
জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল তথা সবুজ প্যানেল থেকে সভাপতি পদে আবদুল বাতেন, সহসভাপতি পদে মো. আবদুল হক ও মইন উদ্দিন ফারুকী, সম্পাদক পদে একেএম রেজাউল করিম খন্দকার, কোষাধ্যক্ষ পদে এসএম জাহাঙ্গীর আলম, সহসম্পাদক পদে মো. তারিকুল ইসলাম ও জোবায়ের আহমেদ ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মাহমুদুল হাসান, মো. ফয়জুল্লাহ, মো. জোবায়ের তায়েব ও মোহাম্মদ নাঈম উদ্দিন লিখন প্রার্থী হয়েছেন।
এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেলের সম্পাদক প্রার্থী এসএম আজমল হোসেন, সহসম্পাদক পদে মোস্তফা আসগর শরীফ, সদস্য পদে আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো. বন-ই-আমিন ও মোহাম্মদ মাজহারুল ইসলাম। এনসিপি সমর্থিতরা আংশিক প্যানেল দিয়েছে।
প্যানেলের বাইরে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ, সম্পাদক পদে ফরহাদ উদ্দিন ভুইয়া, মো. আবু ইয়াহিয়া দুলাল, মো. ওমর ফারুক, মোহাম্মদ আশরাফ উজ-জামান খান, সদস্য পদে মো. জোবায়ের তায়েব ও তপন কুমার দাস প্রতিদ্বন্দ্বিতা করেন।


