সিলেটে হামের উপসর্গ নিয়ে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, হামের উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শিশুটির ফুসফুসে সংক্রমণ ছিল। সোমবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে।
তিনি বলেন, শিশুটির নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে হাম কিনা তা নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, হামের উপসর্গ নিয়ে সিলেটে এই প্রথম কোনো মৃত্যুর ঘটনা ঘটেছে। গত কয়েকদিন থেকে সংক্রামক এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যু ছিল না।
এর আগে সোমবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে জানানো হয়-গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জনের শরীরে ল্যাব পরীক্ষায় রোগটি শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩৭ জনের শরীরে হাম ও রুবেলার সংক্রমণ নিশ্চিত হয়েছে।
এর মধ্যে হবিগঞ্জ জেলায় ছয়জন (তার মধ্যে দুইজন রুবেলা), মৌলভীবাজারে ১০ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেটে ১০ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও বলা হয়-গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১৯ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।


