গত দুই মাস ধরে তার পদ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
তিনি বলেন, ‘মে মাস থেকে রাজনৈতিক দলগুলো ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানিয়ে আসছে, যা তার জন্য বড় একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কখন পদত্যাগ করব। আসলে আমি জানি না কখন নেমে যাব।’
রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপে তথ্য উপদেষ্টা এ কথা বলেন।
এই সংলাপটি সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজন করে, যেখানে যুক্তরাজ্য সরকার ও দ্য এশিয়া ফাউন্ডেশন সহযোগিতা করেছে।
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে, যারা এখানে কাজ করছে, তারা কীভাবে সহযোগিতা করতে পারে, বাধা সৃষ্টি না করে কীভাবে আমাদের কাজ করতে দেবে।’
মাহফুজ আলম বলেন, ‘মে মাস থেকে রাজনৈতিক দলগুলো ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি তুলেছে। এই বিষয়ে রাজনৈতিক দলের স্লোগান আমি আমার সরকারি বাসভবন থেকেও শুনেছি।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিকতা সুরক্ষা আইন খসড়া থেকে বিল আকারে পাস হওয়া পর্যন্ত ১৮টি ধাপ পার করতে হবে। দুই মাস আগে এই প্রক্রিয়া শুরু করার নির্দেশনা আমি দিলেও তা এখনো দ্বিতীয় ধাপে রয়েছে।’
এ বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘যতদিন এই সরকারের সময়সীমা থাকবে, ততদিনের মধ্যেই সাংবাদিকতা সুরক্ষা আইনটি বাস্তবায়িত হবে।’


