সিলেটে দেড় বছরের মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যার অভিযোগ ওঠেছে মায়ের বিরুদ্ধে। শুক্রবার ভোরে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মায়মুনা জান্নাত তোহা পুরাতন কালারুকা গ্রামের আমির আলীর ও সুবিনা জান্নাতের মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত মা সুবিনা জান্নাতকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার ভোরে আমির আলী ফজরের নামাজ পড়তে গ্রামের মসজিদে যান। এ সময় স্ত্রী সুবিনাকে নামাজ পড়ার জন্য ডেকে তুলেন। স্বামী মসজিদে নামাজ পড়তে গেলে সুবিনা জান্নাত তার ঘুমন্ত শিশুকন্যাকে হাত-পা বেঁধে বটি দিয়ে গলা কেটে হত্যা করে। এরপর দম্পতির অন্য সন্তানটিকে হত্যার চেষ্টা করলে ওই শিশু দৌঁড়ে মসজিদে গিয়ে বাবাকে ডেকে আনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক মাকে আটক করে থানায় নিয়ে আসে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তিন সন্তানের মধ্যে মায়মুনা জান্নাত নামের শিশুটি ছিলো সবার ছোট। ভোরে তার বাবা ফজরের নামাজ পড়তে গেলে মা তার সন্তানকে গলা কেটে হত্যা করে।
সাইফুল ইসলাম আরও বলেন, সুবিনার স্বামী জানিয়েছে সুবিনা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। নিহত শিশুর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


