সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় রেললাইনের পাশে খাদে পড়ে থাকা একটি পোষা হাতিকে উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস, পুলিশ, বনবিভাগ ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে হাতিটিকে উদ্ধার করা হয়।
বনবিভাগের প্রাথমিক ধারণা, শনিবার রাতের কোনো এক সময়ে ট্রেনের ধাক্কায় হাতিটি খাদে পড়ে আহত হয়। উদ্ধারের পর হাতিটিকে একটি নিরাপদ ও পরিষ্কার স্থানে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সিলেট বন বিভাগ।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান বলেন, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সহায়তায় খাদে পড়ে থাকা হাতিটিকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় হাতিটি খাদে পড়ে যায়।

ফায়ার সার্ভিস দক্ষিণ সুরমা স্টেশনের ফায়ার ফাইটার বেলাল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ও বনবিভাগকে সঙ্গে নিয়ে এক্সকেভেটরের সাহায্যে রশি বেঁধে হাতিটিকে টেনে উপরে তোলা হয়।
এ সময় দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারার অভি জানান, একটি পোষা হাতিকে ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি পর্যবেক্ষণের জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
বিস্তারিত পরে জানা যাবে উল্লেখ করে তিনি জানান, হাতিটির পেছনের দিকের কোনো হাড় বা পায়ের হাড় ভেঙে থাকতে পারে বলে প্রাথমিক পরীক্ষায় ধারণা করা হয়।
এদিকে সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, সকালে ট্রেনের সঙ্গে ধাক্কায় হাতি আহত হওয়ার খবর পাওয়া গেলেও রেলের পক্ষ থেকে এ ধরনের কোনো আনুষ্ঠানিক রিপোর্ট পাওয়া যায়নি।


