অস্ট্রেলিয়ায় সিডনির বন্ডাই সমুদ্রসৈকতে বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হামলাকারীও রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এ সময় ১২ জন সাধারণ নাগরিক এবং দুইজন পুলিশ কর্মকর্তাসহ মোট ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার পর বন্ডাই সমুদ্রসৈকতে বন্দুকধারীরা হামলা চালায়। এ সময় ইহুদিদের ‘হানুক্কাহ’ উৎসব উপলক্ষে সৈকতে আয়োজিত একটি অনুষ্ঠানে শত শত মানুষ উপস্থিত ছিলেন। ঘটনার সময় ৫০টির মতো গুলির শব্দ শোনা গেছে।
পুলিশ জানায়, হামলার ঘটনায় দুইজন বন্দুকধারী জড়িত। একজন ঘটনাস্থলেই মারা গেছেন। অপর বন্দুকধারীকে আহত অবস্থায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ঘটনাস্থলে দ্রুত নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। একই সঙ্গে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার জন্য বিশেষায়িত দল ও সরঞ্জাম পাঠানো হয়। নিরাপত্তার স্বার্থে একটি এক্সক্লুশন জোন তৈরি করা হয়েছে।


