সুপ্রিম কোর্টে ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম শুরুর প্রথম দিনেই ৭০৭টি মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৭৭টি মামলার নিষ্পত্তি হয়েছে।
বুধবার রাতে সুপ্রিম কোর্ট প্রশাসন এ তথ্য জানিয়েছে।
প্রশাসনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৯৫টি মামলার শুনানি অনুষ্ঠিত হয় এবং ২১টি মামলার নিষ্পত্তি হয়। অন্যদিকে হাইকোর্ট বিভাগে ৬১২টি মামলার শুনানি ও ১৫৬টি মামলার নিষ্পত্তি করা হয়েছে।
জানা গেছে, আপিল বিভাগের দুটি বেঞ্চসহ মোট ৬৫টি বেঞ্চে এদিন ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে শুনানি অনুষ্ঠিত হয়। তথ্য-প্রযুক্তির ব্যবহার করে বিচার কার্যক্রম পরিচালনায় এটিই ছিল প্রথম দিন।
এর আগে ২০ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বুধবার ও বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি শুনানি অনুষ্ঠিত হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী বুধবার প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়।


