আবার স্বাভাবিক হয়েছে মেট্রোরেলের চলাচল। নিরাপত্তার স্বার্থে বুধবার রাত সোয়া নয়টার দিকে বন্ধ করে দেওয়ার পর বৃহস্পতিবার সকালে রেল চলাচল স্বাভাবিক হয়।
এসময় রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে চলে রেল।
মেট্রোরেলের এমআরটি-৬-এর উপ-পরিচালক (জনসংযোগ) আহসানউল্লাহ শরীফি টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘সকাল থেকে আগের মতোই উত্তরা উত্তর থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল করছে।’
উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন সকাল সাড়ে ছয়টায় ছেড়েছে জানিয়ে তিনি বলেন, ‘এখন সব ঠিক আছে।’
গত রোববার বিয়ারিং প্যাড পড়ে গিয়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল, সেখানে বুধবার রাতে কম্পন অনুভূত হয়। সে কারণে নিরাপত্তার স্বার্থে রাত সোয়া নয়টায় আগারগাঁও থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এর আগে সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে, মেট্রোরেল নিয়ে উদ্বিগ্ন না হতে যাত্রীদের আহ্বান জানিয়েছিল এর পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাসি ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল)।
আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত না চললেও মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল করছিল।


