সাভারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পোস্টার লাগানোর সময় দুই যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা নাসির উদ্দিন (২৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার প্রহরদী গ্রামের বাসিন্দা সবুজ (২২)।
পুলিশ জানায়, সোমবার সকালে ভাকুর্তা ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকায় আওয়ামী লীগের পক্ষে পোস্টার লাগানোর সময় ভাকুর্তা পুলিশ ফাঁড়ির টহল দলের নজরে পড়ে বিষয়টি। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে সাভার মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের দাবি, তারা আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালানো এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব পোস্টার লাগাচ্ছিলেন।
ওসি আরমান আলী জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি জানান, পালিয়ে যাওয়া আরও কয়েকজনকে আটকের চেষ্টা চলছে।


