মেহেরপুরে গাংনীতে বিএনপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের পাশ থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে স্থানীয়রা কার্যালয়ের পাশে লাল টেপ মোড়ানো সন্দেহজনক দুটি বস্তু পড়ে থাকতে দেখে গাংনী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামের পশ্চিম পাড়ায় একটি চায়ের দোকানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অস্থায়ীভাবে নির্বাচনী কার্যালয় স্থাপন করেন। ওই দোকানেই বিএনপির নেতাকর্মীরা প্রায়ই বসে নির্বাচনী প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন।
ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা কার্যালয়ের পাশে বোমা সদৃশ বস্তু দুটি রেখে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, বোমা সদৃশ বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।


