সাভারে একটি আস্তানায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তিনজনকে আটক করেছে র্যাব-৪।
রোববার সন্ধ্যায় সাভার পৌর এলাকার রাজাশন পালোয়ান পাড়া মহল্লার একটি গ্যারেজে এই অভিযান চালানো হয়।
র্যাব-৪ সাভার নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহীনুর কবিরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
র্যাব জানিয়েছে, শামীম হোসেন নামে এক ব্যক্তির আস্তানায় অভিযান চালানো হলে তাকে পাওয়া যায়নি। তবে তার তিন সহযোগীকে আটক করা হয়।
আটকরা হলেন সুমন, জাহিদ ও সবুজ। তল্লাশিকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলি জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম হোসেন এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, শামীমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে পুলিশের পোশাক পরে ডাকাতির প্রস্তুতির সময় তিনি একবার আটক হয়েছিলেন।
এলাকার একাধিক বাসিন্দা অভিযোগ করে জানান, শামীম হোসেন এলাকায় মাদক আস্তানা গড়ে তুলেছেন। এ ছাড়া নিজের প্রভাব বিস্তার ও ব্যবসা নির্বিঘ্ন করতে স্থানীয় একাধিক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।


