স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা মারা গেছেন। তিনি একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।
শুক্রবার রাত ২টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নভেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিজানুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার মেয়ে একমি গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা ।
মিজানুর রহমান সিনহা রাজনীতির দীর্ঘ পথচলায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সাবেক প্রতিমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মুন্সীগঞ্জ-২ আসনর সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিনসহ বিএনপি নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
২০২০ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তিনি রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসন থেকে প্রার্থী হিসেবে বিএনপির দলীয় মননোয়ন পান।
পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে তার জায়গায় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সালাম আজাদকে এ আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়।
মিজানুর রহমান ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তার স্থানীয় বাড়ি ‘সিনহা হাউজ’ দীর্ঘদিন ধরে দর্শনীয় স্থান হিসেবে সবার জন্য উন্মুক্ত। তার বাবা হামিদুর রহমান সিনহা ও মা নূরজাহান সিনহা। হামিদুর রহমান বাংলাদেশের ওষুধ ব্যবসায়ের অন্যতম পথিকৃৎ ও শিল্পগোষ্ঠী একমি গ্রুপের প্রতিষ্ঠাতা।
সিনহা শৈশবে কলকাতায় বেড়ে উঠেন। পরবর্তীতে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক সম্পন্ন করেন।
১৯৬৪ সালে সিনহা ব্যাংকে চাকরির মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এবং বাবার মৃত্যুর পর ১৯৭৫ সালে তিনি একমি গ্রুপে যোগ দেন। ১৯৮৩ সাল থেকে তিনি গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পান।
মিজানুর রহমান ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে যুক্ত হন। সরকারি তোলারাম কলেজে পড়ার সময়ে তিনি ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯০ সালে মিজানুর রহমান সিনহা বিএনপিতে যোগ দেন। পরবর্তীতে তিনি দলটির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে ২২ জানুয়ারি ২০২০ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
তিনি বিএনপির মনোনয়নে মুন্সীগঞ্জ-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।


