সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারী শাহানারা খাতুন (৩৮) পার্শ্বেমারী গ্রামের মৃত জাকের আলী মোল্লার মেয়ে। তার দুই বছর বয়সী একটি ছেলে ও পাঁচ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
স্থানীরা জানান, শাহানারার মা আছিয়া খাতুন ভোরে পাশের একটি ঘেরে মাছ ধরতে যান। আকাশে মেঘ দেখে মাকে বাড়িতে ডেকে আনতে যান শাহানারা। ঘের থেকে মাকে নিয়ে ফেরার পথে হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়।
তবে তার মা আছিয়া সুস্থ রয়েছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বজ্রপাতে ম্রিত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, ‘আমার ইউনিয়নের এক নারী বজ্রপাতে মারা গেছেন বলে লোকমুখে শুনেছি। ঈদের আগের দিনে এমন মৃত্যুর খবরে মর্মাহত হয়েছি।’


