জুলাই গণঅভ্যুত্থানের পর দায়ের করা একাধিক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন আবেদনের বিষয়ে আদেশের দিন পিছিয়েছে।
মঙ্গলবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য ১১ মে দিন ধার্য করে। মঙ্গলবার জামিনের বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নতুন দিন ধার্য করে।
আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন। এর আগে ২১ এপ্রিল শুনানি শেষে ২৮ এপ্রিল আদেশের দিন ধার্য ছিল।
ঢাকার আদাবর থানার গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় ২০২৪ সালের ৩১ আগস্ট এই সাংবাদিক দম্পতিকে কারাগারে পাঠায় আদালত। ওই বছরের ২১ আগস্ট হযরত শাহজালাল বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়।
শাকিল আহমেদ বার্তাপ্রধান হিসেবে ও ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে একাত্তর টেলিভিশনে কাজ করছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ।


