সাংবাদিক নঈম নিজাম ও ফরিদা পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাংবাদিক নঈম নিজাম ও ফরিদা পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধ
Advertisement
Advertisement

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, তার স্ত্রী সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন ও তাদের সন্তানদের নামে ২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত।

রোববার অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আবেদনে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, নঈম নিজাম, ফরিদা ইয়াসমিন এবং দৈনিক কালের কণ্ঠের সাবেক সম্পাদক ইমদাদুল হক মিলনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে দুদকের তিন সদস্যের একটি দল গঠন করা হয়েছে। অনুসন্ধানের সময় দুদক জানতে পারে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের স্থাবর-অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।

রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি রোধ এবং সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবরুদ্ধ করা জরুরি বলে আদালতে আবেদন জানান অনুসন্ধানকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত।

আরও পড়ুন

জব্দ করা হিসাবগুলোর মধ্যে এবি ব্যাংক, পূবালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন শাখা রয়েছে। এসব হিসাবে বিপুল পরিমাণ টাকা জমা রয়েছে বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়।

এর মধ্যে নঈম নিজামের নামে সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা শাখায় কোটি টাকার উপরে একটি স্থায়ী আমানতসহ (এমএসডি) বেশ কিছু বড় অংকের ডিপিএস ও সঞ্চয়ী হিসাব রয়েছে। এছাড়া তাদের সন্তান মাহির আবরার ও নুজহাত পূর্ণতার নামে থাকা সঞ্চয়ী ও মেয়াদি আমানতগুলোও এই আদেশের অন্তর্ভুক্ত।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট মাহমুদ তারিকুল ইসলাম শুনানিতে বলেন, এই হিসাবগুলো অবরুদ্ধ করা না হলে বিচারের সময় রাষ্ট্র অনুকূলে সম্পদ বাজেয়াপ্ত করা সম্ভব হবে না।

শুনানি শেষে এবি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংকসহ সংশ্লিষ্ট সাতটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এসব ব্যাংক হিসাব জব্দের আদেশ কার্যকর করার নির্দেশ দেয় আদালত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad