প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়ি ব্যবহার না করে নিজের গাড়িতে চলাফেরা করার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজের গাড়ি, নিজের চালক ও নিজের কেনা জ্বালানি ব্যবহার করবেন। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত সরকারি গাড়ি তিনি ব্যবহার করছেন না।
রুমন আরও জানান, শপথ নেওয়ার পর বুধবার প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী পতাকাবিহীন নিজের সাদা টয়োটা গাড়িতে সাভার ও শেরে বাংলা নগরে যান এবং সেখান থেকে একই গাড়িতে সচিবালয়ে ফেরেন।
তিনি বলেন, যানজট বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্দেশে গাড়িবহরের সংখ্যা কমানো হয়েছে। আগে যেখানে ১৩ থেকে ১৪টি গাড়ি থাকত, সেখানে এখন চারটি রাখা হয়েছে। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথিদের সফরের সময় প্রধানমন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করা হবে।
রুমন জানান, মন্ত্রিসভার বৈঠক এখন থেকে সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হলে সচিবালয় থেকে মন্ত্রীদের যাতায়াতে জট তৈরি হয় এবং ভিআইপি চলাচলের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন বলে তিনি উল্লেখ করেন।
এ ছাড়া রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই পাশে পোশাকধারী পুলিশ মোতায়েনের প্রচলিত নিয়ম বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার সকালে গুলশানের বাসা থেকে নিজের গাড়িতে করে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর তিনি সচিবালয়ে গিয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেন।


