দেশের সবকিছুতে দলীয় লোক বসানোর রাজনীতি আর চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
তিনি বলেন, ‘দেশে কেউ রাজা হবেন না, সবাই হবেন জাতির সেবক। তারা জাতির কাছে দায়বদ্ধ থাকবেন। জনগণের ইচ্ছায় ক্ষমতায় বসবেন, আবার জনগণ অপছন্দ করলে চলে যাবেন।’
শুক্রবার বিকালে মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারী এলাকার একটি পার্টি সেন্টারে জেলা জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাজেট ও বাজার সিন্ডিকেট প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘আমাদের একটি বাজেট দেওয়া হয়েছে। সেখানে ৫০ থেকে ৬০টি পণ্যে কর কমানো হলেও বাজারে নিত্যপণ্যের দাম এক টাকাও কমেনি। কর কমানোর পরও দাম না কমার কারণ হলো সর্বত্র সিন্ডিকেট। এই সিন্ডিকেট রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না পেলে কোনো সিন্ডিকেটের অস্তিত্ব থাকবে না।’
তিনি আরও বলেন, ‘বাজেটে কর ছাড় দেওয়ার পরও জনগণের জীবনে স্বস্তি না এলে এর সুবিধা কে নিচ্ছে? আমরা ব্যবসায়ী ও জনগণ উভয়কেই বাঁচাতে চাই। কিন্তু ব্যবসা আজ কতিপয় সিন্ডিকেটের হাতে বন্দি হয়ে গেছে।’
জেলা জামায়াতের আমির আ. জ. ম. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি ফখরুদ্দিন রাজির পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, ঢাকা অঞ্চল দক্ষিণ জামায়াতের পরিচালক ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক এবিএম ফজলুল করিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সিরাজুল আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, পৌর জামায়াতের আমির এএসএম বায়েজিদ, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিফাত হোসেন।


