সপ্তাহজুড়ে বৃষ্টির দাপটে মধ্যেও ঢাকার বাতাসে শেষপর্যন্ত দূষণের দখলই ছিল বেশি। সপ্তাহের শেষদিন শনিবারও রাজধানীর বায়ুমান রয়েছে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে।
সকাল ৯টার দিকে ঢাকার বাতাসের একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর ছিল ১৪২। এই মানের বাতাস সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, এ অবস্থায় শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে না থাকা উচিত।
এর আগে, ৪ অক্টোবর সকাল সোয়া ৯টার দিকে ৬৬ একিউআই স্কোর নিয়ে ‘মাঝারি’ শ্রেণিতেই ছিল ঢাকার বাতাস। পরদিন রোববারও একই সময়ে ঢাকার বাতাস ৬৬ স্কোর নিয়ে ‘মাঝারি’ পর্যায়েই ছিল।
সোমবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকার বাতাসের মান ‘মাঝারি’ ছিল। একিউআই স্কোর আগের দুইদিনের মতোই ৬৬ ছিল। তবে মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকার বাতাসের মানে অবনতি দেখা যায়। এদিনও বাতাসের মান ‘মাঝারি’ পর্যায়ে থাকলেও স্কোর বেড়ে দাঁড়ায় ৯৭ তে। এই স্কোরের বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হয়ে ওঠার খুব কাছাকাছি।
বুধবার সকালে একিউআই স্কোর বেড়ে দাঁড়ায় ১৩২ এ। যা ‘অস্বাস্থ্যকর’ হয়ে ওঠার খুবই কাছাকাছি।
বৃহস্পতিবার ঢাকার বাতাসের মানে অবনতি অব্যাহত থাকে। সকাল সাড়ে ৯টার দিকে ১৬৫ স্কোর নিয়ে শহরটির বাতাস বাসিন্দাদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হয়ে ওঠে।
শুক্রবারও পরিস্থিতি অপরিবর্তিত ছিল, এদিন স্কোর ছিল ১৬৩। ফলে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে উঠে আসে ঢাকা।
এদিকে, শনিবার পাকিস্তানের লাহোর শহর উঠে এসেছে তালিকার প্রথম স্থানে, যার একিউআই স্কোর ২১৩। ১৭৪ ও ১৬১ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি ও কাতারের দোহা।
বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ১৫১-২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’, আর ৩০১-এর বেশি হলে সেটি ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ওপর মৌসুমি বায়ু এখনো মোটামুটি সক্রিয় রয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
শনিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমবে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
রোববার থেকে সোমবার পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
পরবর্তীতে মঙ্গলবার ও বুধবার চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে বৃষ্টি হলেও দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকবে।
বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।


