সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সংবলিত যেকোনো পোস্টের ব্যাপারে সরাসরি হোয়াটসঅ্যাপে রিপোর্ট গ্রহণ করবে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএ)। শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
শুক্রবার রাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
পোস্টে বলেন, ‘সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সম্বলিত যেকোনো সোশ্যাল মিডিয়া পোস্ট আগামীকাল থেকে সরাসরি রিপোর্ট করার আহ্বান জানাচ্ছি। হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩০৮-৩৩২৫৯২ অথবা ইমেইলে [email protected] তে রিপোর্ট করা যাবে।’
এনসিএ প্রাথমিক যাচাই-বাছাই শেষে বিটিআরসি’র মাধ্যমে প্ল্যাটফর্মগুলোতে রিপোর্ট করবে।
সরকার সোশ্যাল মিডিয়ার কোন পোস্ট ডাউন করতে পারেনা, সরকার শুধুমাত্র যৌক্তিক কারণ তুলে ধরে সহিংসতার সঙ্গে সম্পর্কিত পোস্টগুলো সংশ্লিষ্ট প্লাটফর্মের কাছে রিপোর্ট করতে পারে।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, হেট স্পিচ যা সরাসরি সহিংসতা ঘটায় কিংবা ডাক দেয়, সেটা জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ মতে দণ্ডনীয় অপরাধ।
সোশ্যাল মিডিয়াকে সহিংসতা কিংবা ভায়োলেন্স তৈরির টুল হিসাবে ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।


