ঢাকার উত্তরায় ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছে সোহান শেখ (৮) নামে এক শিশু। একই ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা, বড় ভাই ও নানী।
শনিবার ভোর ৬টার দিকে উত্তরা বিএনএস সেন্টার সংলগ্ন ফ্লাইওভারের নিচে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোহানের খালা রুনা বেগম জানান, তার বোন তহুরুন্নেছা বাগেরহাট সদর উপজেলার পুলঘাট গ্রামে থাকেন। দুই ছেলে সোহান ও রোহান গ্রামের একটি মাদ্রাসায় পড়ে। তহুরুন্নেছা অন্যের বাসায় কাজ করে সংসার চালান।
পরিবারের সঙ্গে শিশু সোহান তুরাগ নয়ানগরে তার খালার রুনার বাসায় বেড়াতে আসে। সেখান থেকেই তারা সকালে গ্রামের বাড়িতে ফিরতে বের হয়েছিলেন।
উত্তরা বিএনএস সেন্টারের বিপরীত পাশে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষারত অবস্থায় একটি ট্রাক ও বাস পাল্লা দিয়ে যাওয়ার সময় ট্রাক চালক তাদের উপরে যানটি উঠিয়ে দেন। এতে শিশু সোহানসহ পরিবারের চারজনই গুরুতর আহত হন।
খবর পেয়ে স্বজনেরা প্রথমে সবাইকে উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতাল এবং পরে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সোহান ও মা তহুরুন্নেছার অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পরে চিকিৎসক বেলা ১১টার দিকে সোহানকে মৃত ঘোষনা করেন। তার মা জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। সোহানের নানী আবেজান বেগম (৬৫) ও বড় ভাই রোহানকে (১৩) ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি উত্তরা পূর্ব থানা পুলিশ তদন্ত করছে।


