সারাদেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘সারাদেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। আর লক্ষ্মীপুরেতো নাই-ই।’
শুক্রবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, লক্ষ্মীপুরের জলাবদ্ধতা নিরসনে এরই মধ্যে বৃহত্তর নোয়াখালী অঞ্চলে একটি নতুন প্রকল্প নেওয়ার উদ্যোগ রয়েছে। এর আওতায় ভুলুয়া নদী খনন এবং রহমতখালী খাল পুনঃখননের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা থেকে লক্ষ্মীপুরবাসী মুক্তি পাবে বলে আশাবাদী তিনি।
মেঘনা নদী ও রহমতখালী খালের তীরবর্তী এলাকায় ভাঙন সমস্যা রয়েছে উল্লেখ করে তিনি জানান, প্রি-ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে এ সমস্যার টেকসই সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।
পানিসম্পদ মন্ত্রী বলেন, দেশব্যাপী খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ১৮০ দিনের কর্মসূচির মধ্যে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তা বাস্তবায়ন করা হবে। খুব শিগগিরই এ কর্মসূচি শুরু হবে এবং এর আওতায় লক্ষ্মীপুরও অন্তর্ভুক্ত থাকবে।


