বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার পরিষদ গঠন না হলে সংস্কারের পক্ষে ভোট দেওয়া জনগণকে আবারও রাজপথে নামতে হতে পারে।
রোববার বরিশালে এনসিপির বিভাগীয় নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘যদি আগামী ১২ তারিখ সংসদের অধিবেশনে সংস্কার পরিষদ গঠিত না হয়, যদি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ না করা হয়, তাহলে আমরা যারা ‘হ্যাঁ’ ভোট দিয়েছি নিজেদের অধিকার রক্ষার জন্য, আমাদের আবারও রাস্তায় নামতে হবে। সেটার জন্য আপনারা প্রস্তুত থাকবেন।’
নাহিদ ইসলাম বলেন, সাম্প্রতিক নির্বাচনে এনসিপি ছয়টি আসনে জয় পেয়ে সংসদে পৌঁছেছে, তবে তাদের প্রত্যাশা আরও বেশি ছিল। তার দাবি, নির্বাচনে কারচুপির মাধ্যমে কিছু প্রার্থীকে পরাজিত করা হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের সঙ্গে নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং ফলাফলে যে কারচুপি হয়েছে তার প্রত্যক্ষ উদাহরণ জনাব নাসীরউদ্দীন পাটওয়ারী, সারজিস আলম এবং দিনাজপুরের আহাদ। তাদের ফলাফলে কারচুপি করে তাদের হারিয়ে দেওয়া হয়েছে।’
সরকার গঠনের পর ক্ষমতাসীনরা জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলেও অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক।
তিনি বলেন, ‘আজকে দুদকের মতো প্রতিষ্ঠানকেও দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা এমন একটি দেশের দিকে যাচ্ছি যেখানে আপনি চাঁদাবাজকে চাঁদাবাজ বলতে পারবেন না। চাঁদাবাজকে চাঁদাবাজ বললে আপনার বিরুদ্ধে মামলা দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আজকে নাসীরউদ্দীনের বিরুদ্ধে যদি মামলা দেওয়া হয়, বাংলাদেশে শত শত নাসীরউদ্দীন পাটওয়ারী তৈরি হবে। পুরো বাংলাদেশ চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’
দেশে জ্বালানি সংকটের বিষয়টিও উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘দেশে জ্বালানি সংকট শুরু হয়েছে। আপনারা পাম্পে গেলে পেট্রোল পাবেন না। শুধু সরকারের লোক, প্রশাসনের লোকদেরকেই তেল দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশের ওপরও পড়ছে এবং এই পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক ঐক্য প্রয়োজন।
বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেখছি এই সরকার আসার পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে পাল্টে দেওয়া হয়েছে। একজন দলীয় ব্যক্তিকে, একজন অযোগ্য ব্যক্তিকে চিফ প্রসিকিউটর করে এই বিচারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।’
তিনি বলেন, এনসিপি সংসদে এবং রাজপথে গণতান্ত্রিক ভূমিকা রাখতে চায়। তবে সরকার যদি পুরনো রাজনৈতিক কৌশল অনুসরণ করে, তাহলে আন্দোলনের পথেও যেতে হতে পারে।
তারা যদি আওয়ামী কায়দাতেই কাজ করে তাহলে আমাদেরকেও সেই কায়দাতে যেতে হবে। গণঅভ্যুত্থানের কায়দাতেই আমাদেরকে যেতে হবে, বলেন তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম।
তিনি বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নিন। জাতীয় নির্বাচনে যে কারচুপি হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে আমরা সেই কারচুপি হতে দেব না।
তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে সংগঠন গড়ে তুলে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।


