বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের টানেলে (দক্ষিণ প্লাজার নিচে) পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা।
এ বছর প্রথমবারের মতো সেখানে নারীদের জন্য ঈদের জামাতে অংশগ্রহণের ব্যবস্থা করা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিজ কানিজ মওলাও জামাতে অংশ নেন।
স্পিকারের নির্দেশনা অনুযায়ী মুসল্লিদের সুবিধা এবং বৈরী আবহাওয়ার কথা বিবেচনা করে টানেলের নিচে জামাত আয়োজন করা হয়। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়।
নামাজ শেষে মুসল্লিদের মধ্যে খেজুর বিতরণ করা হয়। পরে জামাত ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র ইমাম মুহাম্মদ ছাইফুল্লাহ।
ঈদের জামাত শেষে স্পিকার মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মুসল্লিরাও একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।


