স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জাতীয় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার বেলা ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন) শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে তিনি সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেন।
স্পিকার জানান,সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবে, তিনিই স্পিকারের আসন গ্রহণ করে অধিবেশন পরিচালনা করবেন।
সভাপতিমণ্ডলীর তালিকায় প্রথম স্থানে রয়েছেন মহিলা আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান। দ্বিতীয় অবস্থানে রয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ওসমান ফারুক। তৃতীয় সদস্য হিসেবে নাম রয়েছে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিনের। এ ছাড়া নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানকে তালিকার চতুর্থ এবং চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে পঞ্চম সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
সভাপতিমণ্ডলীর নাম ঘোষণার পর স্পিকার সংসদের দিনের কার্যসূচি অনুযায়ী শোক প্রস্তাব উত্থাপন করেন। গভীর দুঃখের সঙ্গে সংসদকে জানানো হয়, সম্প্রতি দেশের ১৬ জন সাবেক সংসদ সদস্য, মন্ত্রী- প্রতিমন্ত্রী ও টেকনোক্র্যাটমন্ত্রী মারা গেছেন।


