জাতীয় সংসদের বাজেট আলোচনায় মন্ত্রীদের উপস্থিতি না থাকায় প্রশ্ন তুলেছেন বিরোধীদলের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১২ আসনের জামায়াতের এই সংসদ সদস্য এই ক্ষোভ প্রকাশ করেন।
সাইফুল আলম বলেন, বাজেট অধিবেশনে অধিকাংশ সময় মন্ত্রীরা উপস্থিত থাকেন না। স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী অধিবেশনে নেই এবং মন্ত্রীদের চেয়ারগুলো সব খালি পড়ে আছে।
জামায়াতের এই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও বেশি উপস্থিতি দেখতে চাই। একই সঙ্গে তিনি সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, শোকর করেন যে অর্থমন্ত্রী অন্তত এখানে উপস্থিত আছেন।
পরে মন্ত্রীদের এমন অনুপস্থিতির ব্যাখ্যা দিয়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, অনেক মন্ত্রী রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকেন, তবে সংসদে তাদের উপস্থিত থাকা উচিত। বাস্তবতা হলো অনেকে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকেন, তবে সংসদে তাদের আসা উচিত এবং আসলে ভালো হয়।
এ সময় চিফ হুইপের বক্তব্যের পর টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিরোধীদলের সমালোচনার জবাবে পাল্টা প্রশ্ন তোলেন। তিনি বলেন, সংসদে বিরোধীদলের নেতা এবং উপনেতা দুজনের কেউ উপস্থিত নেই এবং তারাও যাতে সংসদে ঠিকমতো থাকেন তা নিশ্চিত করা দরকার।
প্রতিমন্ত্রীর এই বক্তব্যের পর হাফিজ উদ্দিন আহমদ পুনরায় রুলিং দিয়ে বলেন, বিরোধীদলের নেতা না থাকলে অসুবিধা নেই, তবে মন্ত্রীদের থাকা অবশ্যই প্রয়োজন। কারণ সংসদ সদস্যদের এলাকার সমস্যাগুলো মন্ত্রীদের পক্ষেই তারা বলবেন। তবুও সংসদের সৌন্দর্য রক্ষার্থে সবার অধিবেশনে থাকা বাঞ্ছনীয় বলে স্পিকার মন্তব্য করেন।


