আসন্ন সংসদ নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে ‘সিটিজেনস ফর হিউম্যান রাইটস’।
রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে নাগরিক প্রতিনিধি দলের পক্ষে মূল বক্তব্য তুলে ধরেন জাকির হোসেন। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার এত বছর পরেও সংখ্যালঘু মানুষরা বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছেন। বিশেষ করে জাতীয় নির্বাচন এলে তাদের মনে আতঙ্ক বেড়ে যায়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত ১ ফেব্রুয়ারি একটি প্রতিনিধি দল চট্টগ্রামের রাউজান ও মিরসরাইয়ের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে। সেখানে দেখা গেছে, গত নভেম্বর থেকে এখন পর্যন্ত অনেকগুলো সংখ্যালঘু পরিবারের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। রাউজানে অন্তত ১২টি এবং মিরসরাইয়ে ৭টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এমনকি রাতে ঘুমন্ত মানুষজন ঘরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টাও করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। কিন্তু বর্তমানে সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের মনে ভয় ঢুকিয়ে দিয়ে ভোটদান থেকে দূরে রাখাই এই সহিংসতার মূল উদ্দেশ্য।
এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, সংখ্যালঘুদের ওপর এই হামলা এখন একটি বড় জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই আসন্ন নির্বাচনে তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই পরিবেশ তৈরি করা নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব।
সংবাদ সম্মেলনে প্রতিনিধিরা অভিযোগ করেন, এসব সহিংসতা ঠেকাতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ভূমিকা রাখতে পারেনি। ভয়ে অনেকে দেশ ছেড়ে চলে যাচ্ছেন, যা দেশের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।
সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে কয়েকটি জরুরি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে সংখ্যালঘু এলাকায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা। একইসঙ্গে নবগঠিত মানবাধিকার কমিশন ও রাজনৈতিক দলগুলোকেও এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের তাওহিদ আহমেদ রানা, ব্লাস্টের এডভোকেসী এন্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মাহবুবা আক্তার এবং বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সতেজ চাকমা।


