জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা গভীর ষড়যন্ত্রের অংশ বলে মনে করে দলটি।
রোববার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলের সহকারি সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি জানান, ‘গত কয়েকদিন থেকে দলের শীর্ষ নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান একাউন্টগুলো হ্যাকিং করার চেষ্টা করা হচ্ছে। সেই চেষ্টার অংশ হিসেবে শনিবার বিকালে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়।’
চরিত্র হনন ও মানহানি করার উদ্দেশ্যে অ্যাকাউন্টগুলো হ্যাক হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
কাজটি একটি বিশেষ দল ও তাদের সাইবার টিমের মাধ্যমে করা হয়েছে অভিযোগ করে জুবায়ের জানান, এদিন জামায়াত আমিরসহ দলের শীর্ষ নেতাদের এক্স অ্যাকাউন্ট হ্যাক করার বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হবে।
একই সঙ্গে হ্যাকিংয়ের বিষয়টি নিয়ে দলের মহিলা নেতারা ইসিতে যাবেন এবং প্রয়োজনীয় তথ্য জমা দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম বলেন, ‘শনিবার বিকাল ৪টা ৩৭ মিনিটে হ্যাকাররা আপত্তিকর পোস্ট দিয়েছে। ৪টা ৫৫ মিনিটে আমরা বুঝতে পারি এটি হ্যাক হয়েছে। ৫টা ২২ মিনিটে পাল্টা পোস্ট দিয়ে অবস্থা ব্যাখ্যা করা হয়। পরিস্থিতি পুরোপুরি বোঝার পর রাত সাড়ে তিনটায় জিডি করা হয়। একটি ফেসবুক পেজও হ্যাকাররা নিয়ন্ত্রণ করেছিল। আমরা সেটি উদ্ধার করেছি।’
শনিবার বিকালে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করা হয়। ওই মন্তব্যে ‘নারীবিদ্বেষী’ ও ‘অবমাননাকর’ ভাষা ব্যবহারের অভিযোগ ওঠে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। পরে শনিবার রাতেই দলটির পক্ষ থেকে জানানো হয়, শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল।


