গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ (২২) নামে এক তরুণ অটোরিকশা চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার একটি গজারি বনের পাশের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আসিফ ওই গ্রামের মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে।
নিহতের মা আছমা বেগম জানান, বুধবার বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন আসিফ। সাধারণত রাত ১১টার মধ্যেই তিনি বাড়ি ফেরেন। কিন্তু সময় পার হয়ে গেলেও ছেলে না ফেরায় দুশ্চিন্তায় পড়ে যায় পরিবার। আসিফের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় রাতভর চালক ও স্বজনদের কাছে খোঁজ নিলেও তার কোনো সন্ধান মেলেনি।
ফজরের আজানের পর বাড়ির অদূরে একটি নির্জন স্থানে আসিফের অটোরিকশাটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে সকালে বগারভিটা এলাকায় তার গলাকাটা নিথর দেহ পাওয়া যায়।
ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, আসিফকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে। মরদেহের পাশ থেকে একটি নারীর ওড়না, একজোড়া জুতা এবং মাথার চুলের ব্যান্ড উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, ‘আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। মরদেহের পাশে পড়ে থাকা নারীর পোশাক ও আনুষঙ্গিক জিনিসপত্রের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। দ্রুতই অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছি।’
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।


