গণআন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ধান চেয়ে মাইকিং করেছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির। এ সময় ‘কোনো হৃদয়বান ব্যক্তি’ তার খোঁজ দিতে পারলে আকর্ষণীয় পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরে এ ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকায় লকডাউন’ কর্মসূচি ঘিরে ইসলামী ছাত্রশিবিরের অবস্থান কর্মসূচি চলাকালে মাইকে এই ‘হারানো বিজ্ঞপ্তি’ প্রচার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি চলাকালে শিবিরের এক কর্মী হাতে মাইক নিয়ে বারবার ‘হারানো বিজ্ঞপ্তি’টি ঘোষণা করেন।
ঘোষণায় বলা হয়, ‘একটি হারানো বিজ্ঞপ্তি! একটি হারানো বিজ্ঞপ্তি!! গত ২০২৪ সালের পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে একজন সত্তর বছর বয়সী আপা হারিয়ে গেছেন। একটি হারানো বিজ্ঞপ্তি! গত চব্বিশ সালের পাঁচই আগস্ট সত্তর বছর বয়সী একজন দাদী হারিয়ে গেছেন। কোনো হৃদয়বান ব্যক্তি যদি ওই দাদীর খোঁজ পান, তাহলে সরকার প্রধান বরাবর যোগাযোগ করবেন।’
ঘোষণায় আরও বলা হয়, ‘ওই দাদীর নাম হাসিনা আপা। যদি কোনো হৃদয়বান ব্যক্তি হাসিনা আপার সন্ধান পান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। উক্ত ভাইয়ের জন্য বিশেষ আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে।’
এ বিষয়ে কক্সবাজার জেলা শাখার ইসলামী ছাত্রশিবিরের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।


