বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অনুরোধ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বিষয়টি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে।
শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
রণধীর জয়সোয়াল বলেন, ‘শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। আমরা এ বিষয়ে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে আলোচনা চালিয়ে যাব।’ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে তিনি বলেন, ‘আমরা সব ঘটনা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন।
সংবাদ সম্মেলনে মুখপাত্র জানান, উভয় পক্ষই বর্তমান দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে দুই দেশের অংশীদারিত্বকে আরও গভীর করার প্রস্তাবগুলো খতিয়ে দেখতে সম্মত হয়েছে।
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলো নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। জয়সওয়াল আশা প্রকাশ করেন যে, উভয়পক্ষের বিস্তারিত মতামত ও অবস্থান জানতে শিগগিরই একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।


