বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ গণতান্ত্রিক নবযাত্রায় জনগণের প্রত্যাশা পূরণের নিমিত্ত কাজ করে যাচ্ছে। জনগণের কাছে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিতকরণের মাধ্যমে জনগণের আস্থা পূরণে সংসদ সদস্যরা জনপ্রতিনিধিত্ব করেন।
তিনি বলেন, কার্যপ্রণালি বিধি কেবল প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়; এটি দায়িত্ব বাস্তবায়নের হাতিয়ার। প্রস্তাব উত্থাপন ও বিল পর্যালোচনার ক্ষেত্রে সঠিক ধারণা থাকার জন্য কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক।
বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংসদ সদস্যদের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি, বিরোধী দলের নেতা মো. শফিকুর রহমান, ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।
স্পিকার বলেন, সংসদের গুরুত্বপূর্ণ তিনটি দায়িত্ব–আইন প্রণয়ন, বাজেট অনুমোদন ও নির্বাহী বিভাগকে জবাবদিহিতার আওতায় আনা এবং সংসদ-সদস্যদের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা।

তিনি বলেন, সংসদ কেবল রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় না; গঠনমূলক বিরোধী দল ও সরকারি দলের সমান দক্ষতায় কার্যপ্রণালি বিধিতে অংশগ্রহণ নিশ্চিত করে জনসম্পৃক্ততা ও আইন প্রণয়ন প্রক্রিয়া পরিচালিত হয়।
তিনি আরও বলেন, সংসদীয় প্রতিষ্ঠান শক্তিশালীকরণে ইউএনডিপি এবং সুইজারল্যান্ডের প্রোগ্রাম সংসদ-সদস্যদের কার্যকর অংশগ্রহণ ও জবাবদিহিতার মাধ্যমে জনপ্রত্যাশা পূরণ করে যাচ্ছে।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, জনগণের প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়েই সংসদ সদস্যরা কর্মভার গ্রহণ করেছেন।
জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি তাদের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করেছে এবং এ দায়িত্ব পালনে তারা জনগণের প্রতি দায়বদ্ধ।
জাতীয় সংসদে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেছেন, উন্নয়নের জন্য একজন সংসদ সদস্যকে নিজ নির্বাচনী এলাকার জনগণের সমস্যা শুনতে হয় এবং সেগুলোর সমাধানে কাজ করতে হয়। একইসঙ্গে সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং সরকারকে জবাবদিহির আওতায় আনতেও সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়।
এসব দায়িত্ব যথাযথভাবে পালন করতে হলে সংসদকে কার্যকর করতে হবে এবং কার্যকর সংসদ পরিচালনার জন্য সংসদীয় রীতি-নীতি ও কার্যপ্রণালি বিধি সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যক।
জাতীয় সংসদের বিরোধী দলের নেতা মো. শফিকুর রহমান বলেন, জনগণের করের টাকায় সংসদ পরিচালিত হয়। সুশাসন, অর্থনৈতিক সংস্কার ও সর্বোপরি টেকসই গণতন্ত্র কীভাবে নিশ্চিত করা যায়-এ লক্ষ্যে সংসদ পরিচালিত হবে।


