সরকার সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে রোববার রাজধানী ঢাকার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আন্দোলনকারীদের নিয়ে আলোচনা সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।
সরকারের সংস্কার কার্যক্রমের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন কমিশনের সুপারিশ ও অধ্যাদেশ বাস্তবায়নের বদলে সরকার তা বাতিল করছে। পুলিশ ও বিচার বিভাগসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ পুনর্বহাল রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বিরোধী দলীয় জোটের এই নেতা বলেন, ‘তারা সংস্কারের কথা, জুলাই সনদের কথা, জুলাই গণঅভ্যুত্থানের কথা মুখে বলবে কিন্তু অন্তরে ধারণ করবে না। তারা সে অনুযায়ী কাজ করবে না।’
সংসদের মাধ্যমেই সব সমস্যার সমাধান হোক-এনসিপি সেটাই চায় উল্লেখ করে তিনি হুঁশিয়ার করেন, সংসদকে অকার্যকর করে দেওয়া হলে রাজপথে নামা ছাড়া বিকল্প থাকবে না।
নাহিদের ভাষায়, ‘আমরা চেয়েছিলাম সংসদেই সব ফয়সালা হবে। আমরা এখনো চাব সংসদে সব ফয়সালা হোক। কিন্তু সংসদকে যদি সরকার ব্যর্থ করে দেয়, সংসদকে যদি সরকার বুকভূত করে দেয় তাহলে রাজপথে আসার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিচ্ছি।’
‘এবার রাজপথে আমরা নামব ব্যর্থ হওয়ার জন্য না, অর্ধেক সফল হওয়ার জন্য না। সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্যই আমরা এবার রাজপথে নামবো’, যোগ করেন তিনি।
নাহিদের দাবি, বর্তমান সরকার জুলাই অভ্যুত্থান ও শহীদ পরিবারের নাম ব্যবহার করে নিজেদের কাজের বৈধতা দেওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, ‘আমরা শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিয়ে কোন রাজনীতি কখনোই করতে চাইনি, কখনোই করব না। কিন্তু জুলাই শহীদ, জুলাই যোদ্ধাদেরকে বর্তমান সরকার নানাভাবে ব্যবহারের চেষ্টা করছে।’
এনসিপির দাবি, তাদের লক্ষ্য- দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, কথা বলার স্বাধীনতা নিশ্চিত করা, বৈষম্য দূর করা, আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, অর্থনীতির উন্নয়ন এবং দুর্নীতি-লুটপাটের বিচার নিশ্চিত করা।
নাহিদ বলেন, ‘আমরা দেখছি বাংলাদেশ সরকার গঠিত হওয়ার পর থেকে পিছনের দিকে হাটছে। বাংলাদেশ আবার পুরনো পথেই হাটছে।’
দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশ রক্ষার বিষয়, জুলাই অভ্যুত্থানকে রক্ষা করার বিষয় এবং শহীদদের রক্ত যাতে ব্যর্থ না হয় তা নিশ্চিত করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকব।’


