রাজধানী ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ মডেল ইউনাইটেড নেশনস ২০২৫। ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) আয়োজিত এই সম্মেলন চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ন্যায্য জ্বালানি রূপান্তর’ বা জাস্ট এনার্জি ট্রানজিশন (জেইটি)। এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ডেইলি টাইমস অব বাংলাদেশ।
আয়োজক সূত্রে জানা গেছে, এই সম্মেলনের মূল লক্ষ্য কেবল নবায়নযোগ্য জ্বালানির প্রসার নয়; বরং কয়লা ও তেলের মতো কার্বননির্ভর জ্বালানি থেকে সরে আসার প্রক্রিয়ায় শ্রমিক, স্থানীয় জনগোষ্ঠী ও ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষা নিশ্চিত করা। এর মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানি খাতে কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের পুনঃপ্রশিক্ষণ এবং সবার জন্য সাশ্রয়ী সবুজ জ্বালানি নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। তারা প্রথম দুই দিন বিভিন্ন রাউন্ডে বিতর্ক ও আলোচনা করবেন এবং তৃতীয় দিনে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম। সভাপতিত্ব করবেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন টাইমস অব বাংলাদেশের প্রকাশক মো. মাসুদ রাজ্জাক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সহযোগী অধ্যাপক ডা. তৌফিক জোয়ার্দার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. সৈয়দ মুনতাসির মামুন উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন ইউনিস্যাবের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. শাইখ ইমতিয়াজ।
আয়োজকরা মনে করেন, বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানি নির্ভর অর্থনীতি থেকে সরে আসা এখন সময়ের দাবি। জনসংখ্যা বৃদ্ধি ও প্রযুক্তির উৎকর্ষের কারণে জ্বালানির চাহিদা বাড়ছে, তাই একটি অন্তর্ভুক্তিমূলক জ্বালানি রূপান্তর ভবিষ্যৎ অর্থনীতি ও পরিবেশের জন্য অত্যন্ত জরুরি। এই প্রেক্ষাপটেই তরুণ শিক্ষার্থীদের কূটনৈতিক চর্চার সুযোগ করে দিতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
একটি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ২৮ ডিসেম্বর তিন দিনের এই আয়োজন শেষ হবে। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরেন সার্ভিস একাডেমির রেক্টর ও সচিব রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান, ইউএনডিপি বাংলাদেশের জেন্ডার টিম লিডার শারমিন ইসলাম এবং টাইমস অব বাংলাদেশের স্পেশাল এফেয়ার্স সম্পাদক এম আবুল কালাম আজাদ উপস্থিত থাকার কথা রয়েছে। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ড. সৈয়দ মো. শাইখ ইমতিয়াজ। দেশি ও বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে এই সম্মেলন বৈশ্বিক ইস্যুতে নীতিনির্ধারণী আলোচনা ও কূটনৈতিক অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে বলে আয়োজকরা প্রত্যাশা করছেন।


