পাবনার চাটমোহরে ঝড়ে ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে হাসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছে শিশুটির মা সালমা খাতুন (৩৪)।
পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামে মঙ্গলবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত হাসান ও আহত সালমা হোগলবাড়িয়া গ্রামের শাহীনুর রহমানের ছেলে ও স্ত্রী।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরের দিকে ঝড় এবং বৃষ্টিপাতের ফলে শাহীনুর রহমানের বাড়ির বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। সকাল ১১টার দিকে হাসান ছিঁড়ে থাকা তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়। এ সময় হাসানের মা সালমা খাতুন ছেলেকে বাঁচাতে গেলে তিনিও গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু হাসানকে মৃত ঘোষণা করেন।
হুমায়ুন কবির জানান, গুরুতর আহত সালমা খাতুনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আর ছেলে হাসানকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।


