পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ, বগুড়ার আয়োজনে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ৬ষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘তারুণ্যের চলচ্চিত্র, তারুণ্যের উৎসব’ স্লোগানে তিন দিনব্যাপী এই আয়োজন চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।
এবারের উৎসবে বিশ্বের ৩২টি দেশের মোট ৭৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। আয়োজনের ভেন্যু হিসেবে থাকছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন। সাধারণত ফেব্রুয়ারিতে উৎসবটি অনুষ্ঠিত হলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও মাহে রমজানের কারণে এবার জানুয়ারিতে আয়োজন করা হয়েছে।
উৎসব পরিচালক সুপিন বর্মন জানান, এবছর সাতটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে। আন্তর্জাতিক শর্ট, ফিচার ফিল্ম, ডকুমেন্টারি, অ্যানিমেটেড ফিল্ম, ওপেন ডোর শর্ট এবং ন্যাশনাল ফিল্ম কম্পিটিশন—এই বিভাগগুলোতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি থাকবে অনারেবল মেনশন অ্যাওয়ার্ড।
চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি উৎসবে থাকছে মাস্টার ক্লাস, ওপেন ডিসকাশন ও চলচ্চিত্র নির্মাণবিষয়ক কর্মশালা। মাস্টার ক্লাস পরিচালনা করবেন নির্মাতা রাজিবুল হোসাইন। তিন দিনব্যাপী প্রামাণ্যচিত্র নির্মাণ কর্মশালা পরিচালনা করবেন মোহাম্মদ রকিবুল হাসান।
মধুবন সিনেপ্লেক্সে ৮ ও ৯ জানুয়ারি বিকেল ৩টা থেকে এবং ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে চলচ্চিত্র প্রদর্শিত হবে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৮ ও ৯ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে প্রদর্শনী। সকল প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
এবারের উৎসবে ছয়টি দেশ থেকে প্রায় ৪৫ জন চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলী অংশ নেবেন। উপমহাদেশের প্রখ্যাত নির্মাতা ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে এবারের উৎসব তাকে উৎসর্গ করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী তৌহিদ পারভেজ বিপ্লবের কাজ নিয়ে বিশেষ আয়োজন ‘ফটো রিলস’ থাকছে উৎসবের অংশ হিসেবে।


