প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু বেচাকেনা নয় বইমেলা হয়ে উঠুক শিল্প ও সংস্কৃতির সূতিকাগার। তার মতে, শুধু নির্দিষ্ট একটি মাসে নয় সারাবছর দেশের সব জেলা ও উপজেলায় বইমেলা করা যেতে পারে।
বৃহস্পতিবার অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর আগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ‘ইন্টারনেট আমাদের বই পড়ার অভ্যাস কমিয়ে দিচ্ছে। ইন্টারনেটেও বই পড়া যায়। তবে ইন্টারনেট ব্যবহারের আসক্তি পড়াশোনার প্রতি আগ্রহ কমিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করছে।’
বিশ্বের বই পড়ুয়াদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বইপ্রেমীদের তালিকায় ১০২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭ তম।
তাই সবার কাছে আবারও বই পড়ার গুরুত্ব তুলে ধরেন তিনি। কথা বলেন বইমেলা নিয়েও। তারেক রহমান বলেন, ‘বইমেলা নিছক একটি উৎসব নয়, এটি কীভাবে সবাইকে বই পড়ায় আগ্রহী করে তুলতে পারে তা ভাবার অবকাশ রয়েছে।’
অমর একুশে বইমেলা আগামীতে আন্তর্জাতিক বইমেলা হিসেবে করার সুযোগ রয়েছে কিনা সেটাও ভেবে দেখার আহ্বান জানান তিনি। তার মতে, শুধু নির্দিষ্ট মাসে নয় বরং সারাবছর দেশের সব জেলা ও উপজেলায় বইমেলা করা যেতে পারে।
প্রধানমন্ত্রীর প্রত্যাশা, ‘অমর একুশে বইমেলা শুধু বই বেচাকেনার মেলা নয়। এটি হয়ে উঠুক শিল্প ও সংস্কৃতির সূতিকাগার। বইমেলা হয়ে উঠুক মিলন মেলা, প্রাণের মেলা।’


