রংপুরে নিখোঁজের একদিন পর ৯ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে তারাগঞ্জ উপজেলার একটি পাটখেত থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেন মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা পেশায় একজন কৃষক।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলার একপর্যায়ে ওই শিশু নিখোঁজ হয়। তাকে খুঁজে না পেয়ে রাতেই এলাকায় মাইকিং করা হয়। শনিবার দুপুরে ওই পাটখেতে কাজ করতে গিয়ে এক ব্যক্তি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
শিশুটির এক আত্মীয় জানান, মরদেহের শরীরে আঘাত ও জখমের চিহ্ন রয়েছে। ধর্ষণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।


